শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে কোনো ‘ভুল’ পদক্ষেপ নেয়, তাহলে এসব স্থাপনা লক্ষ্যবস্তু হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের শীর্ষ সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এই সতর্কবার্তা দিয়েছে।

এদিকে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেওয়া সাত দিনের পরিকল্পনার জবাবে ওয়াশিংটনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইরান। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্য নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর সময়গুলোর একটি পার করছে।

মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে রাজনৈতিক যোগাযোগ ও মধ্যস্থতার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

তেহরানের বার্তা তুলে ধরে মেহর জানিয়েছে, যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা ইরানের নেই। তবে যদি কেউ তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরান প্রস্তুত রয়েছে।

ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালিকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সামরিক টানাপোড়েন নিয়ে উদ্বেগ বেড়ে চলেছে। আন্তর্জাতিক মহলের নজরও এখন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর দিকে।

বিজ্ঞাপন