মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরিয়ে দেওয়ার সময় ‘খুব বেশি দূরে নয়’ বলে মন্তব্য করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
ইরানের সশস্ত্র বাহিনীর এক সমাবেশে দেওয়া বক্তব্যে হাতামি বলেন, হরমুজ প্রণালি ইরানের কাছে ‘সম্মানের প্রণালি’। তিনি সতর্ক করেন যে, দেশটির শত্রুদের এই গুরুত্বপূর্ণ কৌশলগত নৌ-পথ ব্যবহারের সুযোগ দেওয়া হবে 'না'।
হাতামি আরও বলেন, মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশকে অনিরাপদ করে পুরো অঞ্চলকে নিরাপদ রাখা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে চাপ অব্যাহত থাকলে এর প্রভাব পুরো অঞ্চলের ওপর পড়বে।
তিনি বলেন, ইরান যদি ব্যবসা করতে 'না' পারে এবং স্বাভাবিকভাবে টিকে থাকতে না পারে, তাহলে অন্য দেশগুলোর জন্যও স্বাভাবিকভাবে বাণিজ্য ও জীবনযাপন চালিয়ে যাওয়া সম্ভব হবে না।
হাতামি মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করলেই যে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত হবে, সাম্প্রতিক ঘটনাগুলো থেকেই তার প্রমাণ পাওয়া গেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সেনাপ্রধানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, তেহরান আপাতত এই নৌপথ খোলার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
হাতামি বলেন, হরমুজ প্রণালি ইরানের জন্য শুধু একটি নৌপথ নয়; এটি দেশটির কৌশলগত স্বার্থ ও মর্যাদার সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব থেকে মধ্যপ্রাচ্যকে মুক্ত করতে হবে।
তার ভাষায়, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিকল্প নিয়ে ভাবার সময় এসেছে এবং সেই পরিবর্তন খুব বেশি দূরে নয়। এই বক্তব্যের ফলে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।