থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে টানা ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ কারণে ব্যাংককের ৫০টি জেলাকে দুর্যোগকবলিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
বৃষ্টির ফলে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) দুর্যোগ ঘোষণা-সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।
গভর্নর জানান, বন্যার কারণে সড়কে যানবাহনের চাপ কমাতে আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংককের সব স্কুল বন্ধ থাকবে। সরকারি কর্মীদের বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্যোগকবলিত ঘোষণা করার ফলে ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ) এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত এবং সমন্বিতভাবে কাজ করতে পারবে।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে নতুন করে পানি জমছে, ফলে বন্যাকবলিত সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ব্যাংককের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া, পাশের পাতুম থানি প্রদেশেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সেখানে রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় রাংসিত পৌর এলাকাকে জরুরি দুর্যোগকবলিত অঞ্চল ঘোষণা করা হয়েছে।