ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেখারচি বলেছেন, যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহার করা হবে। তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন।
শেখারচি জানান, সম্ভাব্য শত্রুর জন্য ‘চমক’ প্রস্তুত রাখা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অসম যুদ্ধকৌশলের দিকে বেশি গুরুত্ব দেওয়ায় ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি দাবি করেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আগের সংঘাতের সময়ের তুলনায় অনেক বেশি প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শেখারচি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি আগের চেয়ে আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যেকোনো আগ্রাসনের জবাব নতুন সামরিক প্রযুক্তির মাধ্যমে দেওয়া হবে।
ইরানের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘অসাম যুদ্ধ’ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের ব্যবহার। এই কৌশলে ব্যয়বহুল অস্ত্রের মোকাবিলায় তুলনামূলকভাবে কম খরচের, কিন্তু কার্যকর প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।
শেখারচি আরও বলেন, ইরান এমন একটি প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলছে, যেখানে প্রতিপক্ষের অত্যাধুনিক অস্ত্রের বিপরীতে কম ব্যয়ের দেশীয় প্রযুক্তি কাজে লাগানো হবে।