গ্রিসের রাজধানী এথেন্সের কেন্দ্রীয় একটি পর্যটন এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) ভয়াবহ বিস্ফোরণের পর দুই তলা একটি আবাসিক ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক বলে নিশ্চিত করেছে গ্রিসের ফায়ার সার্ভিস।
এথেন্সের মেয়র জানান, বিস্ফোরণটি গ্যাস অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিস ভাথ্রাকোগিয়ানোস এক টেলিভিশন ব্রিফিংয়ে বলেন, উদ্ধারকর্মীরা ভারী নিরাপত্তা সরঞ্জাম ও লাল হেলমেট পরে ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন।
বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা একটি অ্যাপার্টমেন্টে থাকা এক বয়স্ক দম্পতি এবং অন্য একটি অ্যাপার্টমেন্টে থাকা চার পর্যটকের সন্ধান করছিলেন। পুলিশ সূত্র জানায়, নিহত চার পর্যটক ছিলেন দুই মার্কিন দম্পতি। তাদের শুক্রবার বিকেল ৩টায় এথেন্স বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ওঠার কথা ছিল, কিন্তু তারা বিমানবন্দরে উপস্থিত হননি।
এদিকে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের অপরাধ তদন্ত ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বিস্ফোরণের আগে ওই এলাকায় গ্যাসের গন্ধ পাওয়ার খবর পাওয়া যায়।
বিস্ফোরণের ফলে প্লাকা এলাকায় অবস্থিত ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই এলাকা অ্যাক্রোপলিস ও জিউসের মন্দিরসহ এথেন্সের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থানের কাছাকাছি অবস্থিত। বিস্ফোরণে আশপাশের বাড়ি, দোকান ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘গতকাল মধ্য এথেন্সে বিস্ফোরণে চার মার্কিন নাগরিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’
বিস্ফোরণের পর ভবনটির কাঠামো বাঁকাচোরা ধাতব কাঠামো, ভাঙা টাইলস ও কংক্রিটের স্তূপে পরিণত হয়। ধ্বংসস্তূপের মধ্যে বিভিন্ন গৃহস্থালি সামগ্রী ও পোশাক ছড়িয়ে ছিল।