থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসন শহরটিকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় শহরের বিভিন্ন বাড়িঘর ও সড়ক তলিয়ে গেছে।
বৃষ্টিপাতের পরিমাণ কিছু এলাকায় ১৫০ মিলিলিটার ছাড়িয়ে গেছে। আবহাওয়া বিভাগ সপ্তাহজুড়ে বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, শহরের পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খালগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় আশপাশের বাসিন্দাদের ঝুঁকি বেড়ে গেছে।
এখন পর্যন্ত বন্যার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উপকূলীয় এলাকার মানুষদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষ জরুরি ব্যবস্থা নিচ্ছে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে।
গত নভেম্বরেই থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলো ভয়াবহ বন্যার মুখে পড়েছিল, যেখানে প্রায় দেড়শ মানুষ প্রাণ হারিয়েছিল এবং হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার ব্যাংকক ভয়াবহ বন্যার কবলে পড়েছে।