দক্ষিণ আফ্রিকায় রাতভর পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি বারে হামলায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি পানশালায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন।
প্রথম ঘটনাটি ঘটে জোহানেসবার্গের ওয়েদেলা টাউনশিপে। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সশস্ত্র হামলাকারীরা একটি পানশালায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশ জানিয়েছে, হামলায় ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীদের কাছে অ্যাসল্ট রাইফেল ও পিস্তল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে পানশালায় থাকা কয়েকজনের তল্লাশি নেয় এবং তাদের মোবাইল ফোন নিয়ে যায়। পরে তারা দু'টি অজ্ঞাত গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে। হামলার খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৭ জনকেই মৃত অবস্থায় পান।
হামলার ঘটনায় গাউটেং প্রদেশের পুলিশ আটজন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিকে সন্দেহ করছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
দ্বিতীয় হামলাটি ঘটে কেপটাউনের ল্যান্ডলে টাউনশিপের একটি বিনোদনকেন্দ্রে। স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১টা ৪৬ মিনিটের দিকে গুলি চালায় বন্দুকধারীরা। এ ঘটনায় ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গুলিতে আহত পাঁচজন ঘটনাস্থলেই মারা যান, গুরুতর আহত আরও পাঁচজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
পৃথক দুটি হামলার ঘটনায় মোট ২৭ জন নিহত হওয়ায় দক্ষিণ আফ্রিকায় সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কেপটাউনের হামলার বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানায়নি।