মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালি কেন্দ্রবিন্দু

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালি কেন্দ্রবিন্দু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা সইয়ের পরও মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টা ঝুঁকিতে পড়েছে। উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালি, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ। বিশ্লেষকদের মতে, কার্যকর সমঝোতা না হলে নতুন সংঘাতের শঙ্কা রয়েছে।

শনিবার, ইরানের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং রাডার স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। এর পরদিন আবারও সিরিক ও কেশম দ্বীপে হামলা করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা এই অভিযান চালিয়েছে।

ইরান পাল্টা হামলা চালিয়ে কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। আইআরজিসি আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ইরানের দ্বারা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।

বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এটি বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেহরান দাবি করছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনার অধিকার তাদের রয়েছে এবং ভবিষ্যতে এ পথ ব্যবহারকারী জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গত ১৫ জুন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতের বিষয়ে সম্মতি হয়েছিল।

কিন্তু সাম্প্রতিক হামলার পর, উভয় পক্ষই একে অপরকে সমঝোতা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক দরকষাকষির বড় হাতিয়ার। উত্তেজনা দ্রুত প্রশমিত না হলে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন