মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনার বক্তব্যে উদ্বেগ জানাল ঢাকা, দিল্লির সহযোগিতা প্রত্যাশা

ঢাকা ও দিল্লির মধ্যে শেখ হাসিনার বক্তব্য নিয়ে উদ্বেগ ও সহযোগিতা প্রত্যাশা।

শেখ হাসিনার বক্তব্যে উদ্বেগ জানাল ঢাকা, দিল্লির সহযোগিতা প্রত্যাশা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যকে কেন্দ্র করে উদ্বেগের কথা দিল্লির কাছে তুলে ধরা হয়। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সম্ভাবনার বিষয়টি আলোচনায় আসে। এ বিষয়ে হুমায়ুন কবির ভারতের হাইকমিশনারকে জানান, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাসহ নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে তাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সেই বিষয়ে সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রয়োজন। এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ভারতের হাইকমিশনার এই বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার এবং সচেষ্ট থাকার আশ্বাস দেন। উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তারা আশা প্রকাশ করেন যে, পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমেই সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান সম্ভব হবে।

বিজ্ঞাপন