কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে, সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় তার বাসা সংলগ্ন গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
এদিকে, হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ছেলে সপ্তম শ্রেণির অপ্রতিম বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন।
২০ ঘণ্টা পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আটক তুহিনের বাড়ি থেকে নাহিদা বেগমের আইফোন উদ্ধার হয়েছে।
এই হত্যার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে এবং আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।