রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন, ৪৫টি ঘর পুড়ে গেছে

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৪৫টি ঘর পুড়ে গেছে, ক্ষতি প্রায় কোটি টাকা।

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন, ৪৫টি ঘর পুড়ে গেছে

গাজীপুরের সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে প্রায় ৪৫টি ঘর পুড়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় ভাড়াটিয়ারা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একটি ঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ঘরগুলোর আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়।

বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন দাবি করেছেন, এ আগুনের ফলে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, "গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।"

প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম জানিয়েছেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১১টা ২০ মিনিটে এটি সম্পূর্ণভাবে নির্বাপিত হয়।

ভাড়াটিয়া স্বপ্না আক্তার বলেন, "আমরা কারখানার ছুটি শেষে বাড়িতে আসার পর হঠাৎ আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে আমাদের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।" অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্তরা এখন চরম দুর্ভোগে রয়েছেন।

বিজ্ঞাপন