সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ইয়াও ওয়েনের দায়িত্বকালেই বাংলাদেশ-চীন সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফলতার জন্য রাষ্ট্রদূতের অবদানের কথাও উল্লেখ করেন। প্রতিমন্ত্রী আরো জানান, স্টেট মিনিস্টার পর্যায়ের ‘টু প্লাস টু’ (2+2) ব্যবস্থাসহ নতুন প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি।

চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে উন্নয়ন ও অগ্রযাত্রায় চীন ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি উল্লেখ করেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী এ বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় প্রতিমন্ত্রী ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও জোরদার হবে।

বিজ্ঞাপন