রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তির বিরোধের জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে। বুধবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফরহাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফরহাদ শাহজাহানপুর আমতলা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি শারীরিকভাবে অক্ষম ছিলেন এবং বেশিরভাগ সময় বাসায় অবস্থান করতেন।
নিহতের বোন নার্গিস জানান, ফরহাদ ও তার স্ত্রী সন্তানহীন। তাদের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আফসানা ও তার স্বামী সুজনের সাথে বিরোধ চলছিল।
নার্গিস আরও জানান, ফরহাদ তার ভাইকে চারতলার ছাদের একটি কক্ষে থাকার জায়গা দিয়েছিলেন। বুধবার রাতে সুজন চাপাতি নিয়ে ফরহাদের ঘরে ঢুকে হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফরহাদের গলায় চাপাতি দিয়ে আঘাত করা হয়েছিল, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।