সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

বাউফলে যুবদল নেতা রমিজ মৃধাকে কুপিয়ে জখমের অভিযোগ, উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে যুবদল নেতা রমিজ মৃধাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলার ফলে ভুক্তভোগীর হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রমিজ মৃধা স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক এবং মৃত পঞ্চম আলী মৃধার ছেলে। ঘটনার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় প্রতিবেশী জিসান মৃধা (২০) হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, 'তার হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ ও অন্যান্য পরীক্ষা করে ধারণা করা হয়েছে তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই তাকে শেবাচিমে পাঠানো হয়েছে।'

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে রমিজ মৃধা জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন। পরে গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে জিসানকে মারধর করেন রমিজ। এই ঘটনার জের ধরে রমিজ মৃধার ওপর হামলা হয়েছে বলে ধারণা করছেন তারা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, 'ঘটনা জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

বিজ্ঞাপন