পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত নেতার নাম রমিজ মৃধা, তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। চিকিৎসকের মতে, তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের পাশে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রমিজ মৃধা ঘটনাস্থলে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় তার প্রতিবেশী জিসান মৃধা (২০) হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা জানান, রমিজের সঙ্গে জিসানের পূর্বে কিছু বিরোধ ছিল। এক সপ্তাহ আগে রমিজ জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন এবং গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে মারধর করেন। স্থানীয়দের ধারণা, এই ঘটনার জেরে রমিজের ওপর হামলা করা হয়েছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ যমুনা টেলিভিশনকে জানান, রমিজের হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করা হয়েছে, তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত জিসান পলাতক রয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।