রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এইচএসসি ফলপ্রার্থী মিনহাজুল ইসলাম রোজানের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রোজানের বাবা যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের সঙ্গে টেলিফোনে কথা বলে তার চিকি’সার বিস্তারিত খোঁজ নেন।
প্রধানমন্ত্রী বলেন, "এর আগে এমন নানা প্রতিকূল পরিস্থিতিতে তুমি ছিলা, সব সময়ে ধৈর্য ধরেছো, এখন দোয়া কর। রোজানের জন্য যা যা করা দরকার করা হবে, আমি ব্যক্তিগতভাবে তোমার পাশে থাকবো।"
রোজান বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এর আগে তিনি প্রায় এক সপ্তাহ ধরে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিলেন। ডায়াবেটিসে আক্রান্ত রোজানের শরীরের কোন অঙ্গ সাড়া দিচ্ছে না এবং ডায়াবেটিসের মাত্রা ৩৮'র বেশি।
রোজানের বাবা সাজ্জাদুল মিরাজ জানান, হঠাৎ করে তার শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। পরীক্ষার সময় কিছুটা অসুস্থ থাকলেও তখন পড়াশোনার ব্যস্ততায় রোজান কিছু বলেনি বা বুঝতে পারেনি। হাসপাতালে আনার পর ক্রমান্বয়ে শরীর অবনতি হতে শুরু করে এবং গতকাল থেকে কোন রেসপন্স নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ফোন করে খোঁজ নিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিদেশ নিতে চাইলেও প্রধানমন্ত্রীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। রোজানের পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে, দল-মত নির্বিশেষে।