শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান

ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বারোপ।

ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, ‘ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।’

শনিবার ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ।

বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়। তিনি বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি জানান, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে এবং দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও সমিতি তার সেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত করবে।

বাণীতে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন