সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সবজি ও খাদ্যশস্যে শিল্পবর্জ্যের দূষণ ছড়িয়ে পড়ছে। বর্জ্যমিশ্রিত পানি দিয়ে চাষাবাদ করা শাকসবজি এবং ধানে সীসা, নিকেল ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, এসব সবজিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত ভারী ধাতু বিদ্যমান, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।
মানিকগঞ্জের ধলেশ্বরী নদী পাড়ের কৃষকের ক্ষেত থেকে তোলা টাটকা সবজি দেখতে সতেজ ও পুষ্টিগুণে ভরপুর হলেও, এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় শিল্পকারখানার পাশে উৎপাদিত এসব সবজির নিরাপত্তা খতিয়ে দেখতে গবেষণা পরিচালনা করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাভার ও মানিকগঞ্জ শিল্পাঞ্চলের ৭ ধরনের সবজির ৯৬ নমুনা পরীক্ষা করেছেন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. মাহফুজা পারভীন জানান, লাল শাক, পুঁইশাক ও কচুসহ সব ধরনের সবজিতে ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত ভারী ধাতুর উপস্থিতি মিলেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এনায়েত হোসেন জানান, শুধুমাত্র ঢাকার আশেপাশেই নয়, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নরসিংদীসহ বিভিন্ন এলাকার ধান ও সবজিতে ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে।
গবেষকরা কৃষি সংশ্লিষ্টদের দূষণের উৎস নিয়ন্ত্রণ করে বর্জ্যমিশ্রিত পানির ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।