বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রতি ‘ফিরে এসো চিঠি’ শিরোনামে একটি নতুন অনুষ্ঠান শুরু করেছে, যা হারানো দিনের অনুভূতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। গত ১১ নভেম্বর রাত ১১টা ৫ মিনিটে অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হয়।
চিঠির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত এই পাক্ষিক অনুষ্ঠানের প্রথম পর্বের বিষয় ছিল ‘নজরুলের চিঠি’। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক অনার্য মুর্শিদের গবেষণা ও গ্রন্থনায় এবং বিটিভির সংবাদ পাঠিকা মেহেনাজ মুন্নির উপস্থাপনায় চিঠির সেকাল-একাল নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটির প্রযোজক গোলাম মোর্শেদ জানান, “ফিরে এসো চিঠি” অনুষ্ঠানটি দুই প্রজন্মের সেতুবন্ধনের মাধ্যমে অনুভূতির গল্প তুলে ধরছে। তিনি বলেন, “আমরা বয়োজ্যেষ্ঠ অতিথিদের পাশাপাশি তরুণ অতিথিদেরও আমন্ত্রণ জানাচ্ছি।”
দোয়েল কমিউনিকেশনসের প্রধান নির্বাহী মসিউর রহমান বলেন, “ব্যস্ত জীবনের মধ্যেও প্রিয়জনের অনুভূতি বোঝা যে কতটা গুরুত্বপূর্ণ, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই মানবিক আহ্বানটিই জানানোর চেষ্টা করেছি।”
অনুষ্ঠানটির লক্ষ্য হল চিঠির ভাঁজে লুকিয়ে থাকা আবেগ, অতীতের যোগাযোগব্যবস্থা এবং ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা। এটি ঐতিহ্যের ধুলোমাখা ডাকবাক্সের স্মৃতিও উন্মোচন করছে।