সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৪৮৩ জনে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) নতুন করে ১ হাজার ২৫৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃত্যুবরণকারী দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৪৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া খুলনা বিভাগে ১৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৭৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৩৮ জন, খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।