বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪০ লাখ। প্রতিবছর নতুন করে প্রায় ২০ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা সতর্ক করছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে স্ট্রোক, হৃদরোগ, কিডনি বিকল এবং অন্ধত্বের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশের প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছে, যাদের বয়স ২০ থেকে ৭৯ বছরের মধ্যে। এর মধ্যে ৫৪ লাখ রোগী জানেন না যে তাদের রক্তে শর্করার পরিমাণ বেশি। ফলে জটিলতা দেখা দেওয়ার আগেই তাদের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, ‘অনেক রোগী চোখে রক্তক্ষরণ, কিডনি ফেইলিওর অথবা পায়ে ঘা নিয়ে হাসপাতালে আসেন। তখন দেখা যায় তারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। অজানা ডায়াবেটিস শনাক্ত করাই মূল চ্যালেঞ্জ।’
চিকিৎসকরা উল্লেখ করেন, ডায়াবেটিসের চিকিৎসা দীর্ঘমেয়াদি হওয়ায় নিয়মিত ওষুধ, ইনসুলিন এবং নানা পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন। তবে সরকারি পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল না থাকায় প্রতিরোধ কর্মসূচি ব্যাহত হচ্ছে।
অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ আরও বলেন, ‘বাংলাদেশে ১০ কোটি এন্ডোক্রাইন রোগী রয়েছে। ডায়াবেটিস ও প্রি–ডায়াবেটিস মিলিয়ে ৫ কোটি এবং থায়রয়েড রোগী রয়েছে ৫ কোটি। এই বিপুল জনগোষ্ঠীর সেবা দেওয়া সাড়ে চারশ ডাক্তারের পক্ষে সম্ভব নয়। আমাদের প্রয়োজনীয় জনবল তৈরি ও ডাক্তারদের ট্রেইনিং দেওয়া প্রয়োজন।’
চিকিৎসকরা দাবি করছেন, বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে উঠলে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, গবেষণা ও চিকিৎসা সম্প্রসারণ সম্ভব হবে।