পটুয়াখালীতে আইফোন কেনার উদ্দেশ্যে দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ দশমিনা উপজেলার কাঠমিস্ত্রি।
শিশু মুসাকে উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে। ইতোমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। গত শনিবার সকালে দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
মুসার দাদি মাহফুজা বেগম জানান, মারুফ শনিবার সকাল আটটায় শিশুটিকে গোসল করিয়ে জামাকাপড় পরিয়ে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে বের হন। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজার চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা জানান, মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন যে, শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের ইমরান হোসেনের কাছে বিক্রি করেছেন। অভিযোগ রয়েছে যে, মারুফ এই টাকা দিয়ে ঢাকায় গিয়ে নতুন আইফোন কিনেছেন।
এ ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। মারুফের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযোগের বিষয়ে ইমরান হোসেন জানান, মারুফ দীর্ঘদিন ধরে শিশুটিকে দেওয়ার কথা বলছিলেন এবং তিনি এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে লিখিতভাবে নিয়েছেন।
মাহফুজা বেগম বলেন, 'আমি আমার নাতিকে ফিরে পেতে চাই। প্রশাসনের কাছে সহযোগিতা চাই।' দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে এবং শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছে।