ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে বিএসএফের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনাটি সোমবার দিবাগত রাত ১১টার দিকে ঘটে।
রুবেল মিয়া পেশায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তার পরিবার জানায়, গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রুবেলের স্ত্রী সানজিদা বেগম বলেন, ‘গতকাল রাতে আমাদের বাড়ির উঠানে আমার স্বামী দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএসএফের ছোড়া একটি গুলি তার বুকের বাম পাশে লাগে।’
ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানান, রুবেল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বলেন, ‘আমরা আহতের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি বিএসএফের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’