মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিকের চিকিৎসা চলছে

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিকের চিকিৎসা চলছে, একজনের অবস্থা আশঙ্কাজনক।

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিকের চিকিৎসা চলছে

কুড়িগ্রামের উলিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিবিদ্ধ হয়ে আহত দুই ভারতীয় নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তবে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আহত দুই ভারতীয় নাগরিক হলেন আসামের দক্ষিণ শালমারা মানকাচর জেলার বাসিন্দা রাজমিস্ত্রি ইসমাইল হোসেন এবং আব্দুল আলীম। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাতে গরু চোরাচালানের সময় বিএসএফ তাদের আটক করে এবং ‘বাংলাদেশি চোরাকারবারি’ সন্দেহে মারধর করে। পরে নৌকায় করে সীমান্তের জিরো লাইনে এনে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

ইসমাইল হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি বিএসএফ সদস্যদের কাছে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন, কিন্তু তারা তার কথা শোনেনি। বিএসএফ সদস্যরা তাকে পেটাতে শুরু করে এবং পরে গুলি করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। স্থানীয় মাঝিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল হাদি জানিয়েছেন, আহত দুই রোগীকে গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়। একজনের পেটের লাম্বার রিজনে গুরুতর আঘাত রয়েছে এবং তার পাঁজরের হাড় ভেঙে গেছে। চিকিৎসা চলাকালীন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয় জনগণ ও পুলিশের সহায়তায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। মানবিক দিক বিবেচনায় তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন