মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মো. সাইফুদ্দিন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আলী আসগর মিলন, সহ-সভাপতি সোহাগ আহম্মেদ, সহ-সভাপতি শাহজাহান আলম, যুগ্ম সম্পাদক যুবায়ের রহমান, সাংগঠনিক সম্পাদক অপু রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ খান এবং মিডিয়া সম্পাদক বাপ্পী কুমার দাস।
সদ্য বিদায়ী সভাপতি হাজী আবদুল মোবিন ভূঁইয়া এবং সাংবাদিক মোস্তফা ইমরান রাজুকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। নতুন কমিটির ঘোষণা গত জুনে কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার পারসকিন্ডল প্রিমিয়ার কাপ ২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার পর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে করা হয়।
রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের চৌকিটে এস্টো হোটেলের হলরুমে বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি রাফিজ রহমান রাসেলের সভাপতিত্বে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী সোহেল রানা, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, বিডিএফসির উপদেষ্টা সাংবাদিক মোস্তফা ইমরান রাজু এবং প্রতিষ্ঠাতা ফুটবলার ইকবাল হুসাইন তালুকদার।
অনুষ্ঠানে সংবর্ধনা পেয়েছেন অধিনায়ক ইকবাল হুসাইন, সাইফুদ্দিন, আজগর মিলন, সুজন, সুমন, হুসাইন, অপু রায়হান, হৃদয়, মল্লিক, জনি এবং রাসেল। নতুন সভাপতি রাফিজ রহমান রাসেল বলেন, বিডিএফসি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের একমাত্র ফুটবল ক্লাব।
তিনি আরও জানান, প্রবাসে কর্মব্যস্ততার ফাঁকে খেলা চালিয়ে যান বাংলাদেশি তরুণ খেলোয়াড়রা। বিডিএফসি মালয়েশিয়া পরিচালিত হয় বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের মাধ্যমে, যা বাংলাদেশি প্রবাসী খেলোয়াড়দের নিয়ে ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে থাকে।