সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
জাতীয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল আকর্ষণীয় ‘সার্জেন্ট মেজর ফিশ’

পটুয়াখালীর বঙ্গোপসাগরে ধরা পড়েছে আকর্ষণীয় সার্জেন্ট মেজর মাছ, যা বরফে সংরক্ষণ করা হয়েছে।

বঙ্গোপসাগরে ধরা পড়ল আকর্ষণীয় ‘সার্জেন্ট মেজর ফিশ’

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে আকর্ষণীয় সামুদ্রিক প্রজাতির সার্জেন্ট মেজর মাছ। রঙিন বর্ণ ও ভিন্নধর্মী গঠনের কারণে মাছটি আলীপুর মৎস্য বন্দরে এনে বরফে সংরক্ষণ করা হয়েছে।

সোমবার মাছটি বন্দরে নিয়ে আসার পর একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। বাংলাদেশে এটি অঞ্চলভেদে পাথারী মাছ, কালো ডোরা সৈনিক মাছ বা রেহা মাছ নামে পরিচিত। জানা গেছে, মায়ের দোয়া ট্রলারের মাঝি ইদ্রিসের জালে তিন-চার দিন আগে গভীর সমুদ্রে মাছটি ধরা পড়ে। পরে সেটি আলীপুর বন্দরের মেসার্স সিফাত ফিসে নিয়ে আসা হয়।

ট্রলারের মাঝি ইদ্রিস বলেন, "গভীর সমুদ্রে মাছটি জালে উঠে আসে। দেখতে খুব সুন্দর হওয়ায় আমরা এটি ফেলে না দিয়ে তীরে নিয়ে আসি। আমার জালে এ ধরনের মাছ এই প্রথম ধরা পড়েছে।"

মেসার্স সিফাত ফিসের ম্যানেজার মাইনুল ইসলাম শামিম বলেন, "মাছটি দেখতে অনেক সুন্দর। তাই বরফে সংরক্ষণ করে রাখা হয়েছে। আগে কখনো এমন মাছ দেখিনি।"

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, সার্জেন্ট মেজর মাছ (Abudefduf spp) Pomacentridae পরিবারের একটি সামুদ্রিক মাছ।

তিনি বলেন, "মাছটির দেহ চ্যাপ্টা ও ডিম্বাকার, পিঠে হালকা হলুদাভ আভা এবং শরীরের দুই পাশে ৪–৫টি গাঢ় উল্লম্ব ডোরা থাকে, যা সহজেই এ মাছকে শনাক্ত করতে সাহায্য করে।"

মোহাম্মদ বখতিয়ার রহমান আরও জানান, এ মাছ মূলত বঙ্গোপসাগরের উপকূলীয় পাথুরে এলাকা, প্রবাল প্রাচীর—বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপের আশপাশের অগভীর সামুদ্রিক পরিবেশে বাস করে। এটি সর্বভুক (Omnivorous) এবং শৈবাল, জুপ্ল্যাঙ্কটন ও বিভিন্ন ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী খেয়ে সামুদ্রিক খাদ্যজালের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, "এ ধরনের সামুদ্রিক মাছ আমাদের উপকূলীয় জলসীমায় থাকলেও খুব কম ধরা পড়ে। জেলেদের জালে মাঝেমধ্যে এমন ব্যতিক্রমধর্মী প্রজাতির মাছ উঠে আসে। এসব মাছের তথ্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য এ ধরনের ঘটনা গুরুত্বপূর্ণ।"

বিজ্ঞাপন