গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে অনিয়মের অভিযোগে বরখাস্ত করেছে প্রশাসন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, তদন্তে চূড়ান্তভাবে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাশিমপুর ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখতে জেলা প্রশাসক আকস্মিক পরিদর্শনে যান। এ সময় দালালদের মাধ্যমে সরকারি কাজ পরিচালনা, দায়িত্বে অবহেলা এবং নিয়ম অনুযায়ী সেবা না দেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ভূমি সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, এই অফিসে কোনো কাজই নিয়ম মেনে হয় না এবং নানাভাবে হয়রানি করা হয় সেবাগ্রহীতাদের।
জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানান, অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে, গত জুনে শ্রীপুরের একটি ভূমি অফিসের দুজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। ভুক্তভোগীরা আশা প্রকাশ করেছেন যে, এমন অভিযান ভূমি অফিসের দুর্নীতি দমনে সহায়ক হবে।