মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কন্টেইনারবাহী জাহাজ আটকা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কন্টেইনারবাহী জাহাজ আটকা পড়েছে, তবে জাহাজ চলাচলে বিঘ্ন হয়নি।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কন্টেইনারবাহী জাহাজ আটকা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি সিএনসি ইউরেনাস নামে মাল্টার পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ আটকা পড়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বন্দরের স্বাভাবিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, বন্দরের চ্যানেলে প্রবেশের সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ২ নম্বর লাল বয়ার পাশে জাহাজটির তলদেশ মাটিতে আটকে যায়।

ঘটনার পরপরই জাহাজটি সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধারকাজে অংশ নিয়েছে বন্দরের টাগবোট কাণ্ডারী-২ ও কাণ্ডারী-১১।

একই সঙ্গে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটিতে মোট ১ হাজার ২৮২টি কন্টেইনার রয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ আরও জানায়, ভাটার সময় সাধারণত এ নৌপথে বড় জাহাজ চলাচল বন্ধ থাকে। তবে জাহাজটি আটকে গেলেও বন্দরের সামগ্রিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন