চট্টগ্রাম বন্দরে টানা বৃষ্টির ফলে বিভিন্ন ইয়ার্ডে পানি প্রবেশ করেছে, যা পণ্য নষ্টের আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে জোয়ারের সময় জমে থাকা পানির কারণে কন্টেইনারে থাকা পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, টানা বৃষ্টির ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বহির্নোঙরে পণ্য খালাসের কাজও বাধাগ্রস্ত হচ্ছে। বুধবার রাত থেকে ইয়ার্ডে সারি সারি কনটেইনারের নিচে পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবারও একই পরিস্থিতি দেখা গেছে।
জোয়ারের সময় পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে গত দুই দিন ধরে কাস্টমস কর্তৃপক্ষের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আমদানি পণ্যের পরীক্ষা-নিরীক্ষা এবং শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করতে পারছে না তারা।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত আমিন জানান, কিছুটা সমস্যা সৃষ্টি হলেও বন্দরের কার্যক্রম এখনও সচল রয়েছে। তবে জোয়ারের সময় পানি ঢুকে পড়ায় কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে।
চট্টগ্রাম চেম্বার ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, বন্দরের বহির্নোঙরে প্রতিদিন ৫ লাখ টন পণ্য খালাস হয়। এই পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।