দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছান।
বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন বলেন, “আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই।”
গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। সেখানে হাসপাতালে এবং তার মেয়ে ইমা ইসলামের বাসায় চিকিৎসা নেন।
গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষায় তার ব্রেন ক্যানসার ধরা পড়ে।
অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। প্রথম ধাপে তিন মাস টানা কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি দেওয়া হয়। পরে আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, ১২ সপ্তাহের নিবিড় চিকিৎসাকালে সপ্তাহে পাঁচ দিন করে ৬০টিরও বেশি কেমোথেরাপি নিতে হয়েছে এই চিত্রনায়ককে। সব মিলিয়ে প্রায় ১শ'টির মতো কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন।
চিকিৎসার বড় একটি ধাপ শেষ করে দেশে ফিরলেও তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা অব্যাহত থাকবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।