মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত।

গাজীপুরে ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এ সিদ্ধান্ত নেন।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—কাশিমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও আব্দুল হালিম খান। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছিল।

জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। পরিদর্শনকালে সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালের মাধ্যমে করানো, দায়িত্ব পালনে অবহেলা এবং সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইলে সংশ্লিষ্টরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এমনকি প্রয়োজনীয় নথিপত্র ও নামজারি-সংক্রান্ত সফটওয়্যারও দেখাতে ব্যর্থ হন বলে জানায় জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, 'কাশিমপুর ভূমি অফিসে কর্মরতদের কাজের ধরনে গুরুতর অনিয়ম পাওয়া গেছে।'

তিনি আরও বলেন, 'একই দিন সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করা হয়। সেখানে কিছু ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের সতর্ক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।' পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন