বাংলাদেশের তিস্তা নদীর পাড়ে স্যাটেলাইট শহর নির্মাণের পরিকল্পনা বাতিল করার ঘোষণা দিয়েছে সরকার। পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরি এ তথ্য জানিয়েছেন।
২০১৬ সালে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়, যেখানে বাংলাদেশ সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে চীন কারিগরি সহায়তা ও ঋণ দেয়ার কথা জানায়। প্রায় ৮ হাজার কোটি টাকা খরচ ধরা হয় এই প্রকল্পে।
তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট এন্ড রেস্টোরেশন প্রকল্পের আওতায় নদী খনন, ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প ও পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ছিল। এই প্রকল্পের মাধ্যমে ৭ থেকে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হয়েছিল।
তবে, মন্ত্রী জানান, সরকারের বর্তমান অগ্রাধিকার নদী রক্ষণাবেক্ষণের দিকে। তিনি বলেন, "আমার তো এত স্যাটেলাইট সিটি ইমপর্ট্যান্ট না। সাধারণ মানুষের জন্য নদী ভাঙন কীভাবে রোধ করা যায়, সেটাই বেশি প্রয়োজন।"
মন্ত্রী আরও জানান, প্রকল্পের যাচাই-বাছাইয়ের জন্য বেশ কয়েকটি দেশের কারিগরি সহায়তা নেয়া হবে, যার মধ্যে নেদারল্যান্ডসও অন্তর্ভুক্ত। আগামী ৬ মাসের মধ্যে যাচাই-বাছাই শেষ করে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার আশা প্রকাশ করেন তিনি।