পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত সম্ভব্যতা জরিপ শুরু হবে। তিনি প্রধানমন্ত্রীর চীন সফরের সময় গণমাধ্যমকে এ তথ্য দেন।
মন্ত্রী বলেন, ‘তিস্তায় একটি ফ্যাসিলিটি স্টাডিং নিয়ে চীন সম্মত হয়েছে, আমরা যৌথভাবে সেই স্টাডিটি সম্পন্ন করব। খুব দ্রুততম সময়ে আমরা স্টাডিটি শেষ করতে পারব।’
তিনি আরও জানান, ‘বাংলাদেশ চীনের কাছে অন্যান্য নদী ব্যবস্থাপনার জন্য সহযোগিতা চেয়েছে। আমরা চীনের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য নদীগুলোর বিষয়গুলোও এডজাস্ট করব।’
এ্যানি বলেন, ‘চীন থেকে সহযোগিতা পাওয়ার ভিত্তিতে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব কবে নাগাদ কাজ শুরু হবে। ইনশাআল্লাহ, এই বাজেটেই আমরা কাজ করতে পারব।’
মন্ত্রী চীনের পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা উল্লেখ করে বলেন, ‘তিস্তার বিষয়ে প্রধানমন্ত্রী কয়েকবার আলোচনা করেছেন, এমনকি চীনের প্রেসিডেন্টের সামনে বিষয়টি উত্থাপন করা হয়েছে।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তিস্তা অববাহিকায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এর থেকে উত্তরণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন, তাই চীনের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স প্রয়োজন।’