রবিবার, ২৮ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আগামীকাল প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করবেন

আগামীকাল প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন।

আগামীকাল প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করবেন

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার উৎসাহ দিতে আয়োজিত জাতীয় পর্যায়ের 'স্টার্ট-আপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং' এর বিজয়ীদের হাতে আগামীকাল সোমবার (২৯ জুন) পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়াধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীমের আওতায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

এই শোকেসিং প্রোগ্রামের মূল প্রতিপাদ্য হচ্ছে 'মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।' আগামীকাল ‘বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ জাতীয় পর্যায়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ে জেলার ও মহানগর পর্যায়ের সেরা ১০০ দল তাদের সৃজনশীল ও উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিতি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিপ্লবের একটি ঐতিহাসিক মাইলফলকে পরিণত করার প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশের মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। প্রতি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক রয়েছেন।

গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলা ও মহানগরীর শিক্ষা থানায় সফলভাবে এই শোকেজিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ে ৮০২৯টি দলে মোট ২৭ হাজার ২০৪ জন শিক্ষার্থী এবং ১৬,০৫৮ শিক্ষক অংশগ্রহণ করেছেন।

উপজেলার বাছাইকৃত ৫৪৬টি দল গত ১৪ জুন জেলা পর্যায়ে তাদের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রদর্শনকৃত দলের মধ্য থেকে সেরা 10 দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়াও, 'সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার' এবং 'উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার' প্রদান করা হবে।

'সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার' এর জন্য মনোনীত শিক্ষকগণ ৩০ হাজার টাকা ও একটি সনদপত্র পাবেন। 'উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার' এর জন্য মনোনীত শিক্ষার্থীরা ২০ হাজার টাকা ও একটি সনদপত্র পাবেন।

এছাড়াও, একই ভেনুতে আগামীকাল প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। বিএনপির নির্বাচনী ইশতেহারে ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন