সোমবার, ২৯ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সুইজারল্যান্ডের সহযোগিতায় দক্ষ জনশক্তি গড়বে বাংলাদেশ

সুইজারল্যান্ড বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানের দক্ষ করতে সহযোগিতা অব্যাহত রাখবে।

সুইজারল্যান্ডের সহযোগিতায় দক্ষ জনশক্তি গড়বে বাংলাদেশ

বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তুলতে সুইজারল্যান্ড সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রেতো রেংগলি।

রোববার (২৮ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি কর্মীরা যারা বিদেশে অবস্থান করছেন, তাদের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসনের গুরুত্ব রয়েছে। তিনি বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্ভাবনাকে সাধুবাদ জানিয়ে বলেন, বৈদেশিক অভিবাসন গুরুত্বপূর্ণ হলেও দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা বেশি কার্যকর।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এই সংকটের কারণে অনেক বাংলাদেশি কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি প্রত্যাবর্তনকারী কর্মীদের পুনর্বাসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

মন্ত্রী সুইজারল্যান্ডের কারিগরি সহায়তার প্রশংসা করে বলেন, 'ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম' উন্নয়নে তাদের সহযোগিতা বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করেছে।

তিনি সুইজারল্যান্ডের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের বৈশ্বিক সুখ্যাতির কথা স্মরণ করে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এছাড়া, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুইজারল্যান্ডের বৃত্তির সুযোগ বৃদ্ধিতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ বলেন, সুইজারল্যান্ডে অবস্থানকারী বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটি অত্যন্ত সম্ভাবনাময়।

বিজ্ঞাপন