মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’তে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান।
এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী পরবর্তীতে স্পারসোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।