প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে দুপুর ১২টায় এই বৈঠক হয়।
বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করেন।
তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন এবং তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে কারিগরি সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন। চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
মন্ত্রী ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।
প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। চীনের পানিসম্পদমন্ত্রী বাংলাদেশকে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান এবং বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের চীনে প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।