ঢাকায় বর্তমানে ৮০ হাজার মাদক মামলা পেন্ডিং রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিদ্যমান মাদক নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব হচ্ছে না। আগামী কয়েক দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী সংসদে উত্থাপন করা হবে।
অনুষ্ঠানে ৭৩টি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রকে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয় এবং ঢাকার ১৫টি প্রতিষ্ঠানের হাতে চেক তুলে দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করে। মাদকাসক্তদের চিকিৎসা সুবিধা সরকারি পর্যায়ে যথেষ্ট নয়।
মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সক্ষমতা বাড়াতে হবে এবং আইনি ভিত্তি শক্ত হলে পরিস্থিতিতে পরিবর্তন আসবে।