প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই বৈঠকটি বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। লিউ হাইশিং বলেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক। তিনি পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।
মন্ত্রী বলেন, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে। গণমাধ্যম, থিংক ট্যাংক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি জীবনমান উন্নয়নের ক্ষেত্রে নতুন ক্ষেত্র তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী লিউ হাইশিং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের উন্নতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে দু'দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।