বাংলাদেশ সরকার চীনের কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মিয়ানমারের পাশ দিয়ে একটি সড়ক নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
২৩ জুলাই শুক্রবার দুপুর ১২টায় নগরীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিল চীন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথম সফর করেছেন দেশটিতে।
মন্ত্রী আরও বলেন, বিএনপির সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে জন্মগত হৃদরোগের স্ক্রিনিং ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। রাজশাহী অঞ্চলের ২ হাজার ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করেন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগের ধরন ও জটিলতার ভিত্তিতে চিকিৎসা প্রদান করেন। চিকিৎসাসেবা প্রদান করেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞরা। এসময় অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।