ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ না করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গত বৃহস্পতিবার সতর্কবার্তা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, 'যন্তর মন্তরে যেকোনো বেআইনি জমায়েত বা বিক্ষোভ প্রদর্শন ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে নিয়ন্ত্রিত। এর ফলে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।'
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্দেশনার তীব্র সমালোচনা করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে লেখেন, 'গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস হয় কীভাবে আপনাদের?'
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ও আইআইটি রুরকি এবং আইআইটি মাদ্রাসা থেকেও একই ধরনের নির্দেশনা আসার পর বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা চলছে। চলচ্চিত্র নির্মাতা পূজা ভাট মন্তব্য করেন, 'শিক্ষার্থীদের কণ্ঠ দমন করা হলে তাদের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়ে।'
কংগ্রেস সংসদ সদস্য দীপেন্দার সিং হুডাও এই নির্দেশনার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্টের কোন রায়ের ভিত্তিতে যন্তর মন্তনের সমাবেশকে বেআইনি ঘোষণা করা হয়েছে তা নিয়ে।