বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, দিল্লিতে বিক্ষোভে উত্তেজনা

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, দিল্লিতে বিক্ষোভে উত্তেজনা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নয়াদিল্লির আকাশবাণী ভবনের সামনে থেকে তাদের হেফাজতে নেওয়া হয়।

বিক্ষোভে রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অনেক সাংসদ ও নেতাকর্মীকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে বিরোধী দলগুলো তীব্র আপত্তি জানাচ্ছে।

মঙ্গলবার দুপুরে সংসদ ভবন চত্বর থেকে তিন শতাধিক বিরোধী সংসদ সদস্য প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ‘নির্বাচন সদন’ অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন। তবে সংসদ মার্গে পৌঁছালে বিপুলসংখ্যক পুলিশ তাদের পথ আটকে দেয়।

পুলিশের বাধার মুখে বিরোধী নেতারা ক্ষোভ প্রকাশ করেন এবং রাহুল গান্ধীসহ কিছু সাংসদ ব্যারিকেডের ওপর উঠে পড়েন। এরপর তারা আকাশবাণী ভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করেন।

বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি সাংবাদিকদের বলেন, "মোদি সরকার ভোট চুরির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করছে।" কংগ্রেস নেতারা জানিয়ে দেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রতিনিধি দলকে দেখা করতে না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এদিকে, বিক্ষোভের প্রেক্ষাপটে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট এই দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করে। তারা সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন