জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ‘যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।’ তিনি আরও জানান, ‘কেউ যদি দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য, সে জায়গায় আমরা নেই। ঐকমত্য সেখানে হয়নি।’
মন্ত্রী বলেন, ‘এটি একটি জাতীয় অনুষ্ঠান, যেখানে সকলের স্বাক্ষর রয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব।’ তিনি উল্লেখ করেন যে, শুধুমাত্র জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলে অন্যান্য বিষয় বাদ পড়ে যেতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে বিভিন্ন জনদাবি। সেগুলো আমরা ধারণ করে একটি বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্য রিপোর্ট প্রদান করব।’
মন্ত্রী আরও বলেন, ‘গণভোট আইনি গণভোট, তবে গণভোটের অধ্যাদেশকে আইনি রূপ দিতে পারিনি। আগামী সংবিধান সংশোধনীতে কিছু অনুচ্ছেদ ও আর্টিকেলের পরিবর্তন আসবে।’
বিরোধীদলের লংমার্চ ইস্যুতেও তিনি কথা বলেন। তিনি বলেন, ‘বিরোধীদল লংমার্চ কেন করছে, সেই প্রশ্নের উত্তর তারা দেবে। তবে সংবিধান সংশোধনী তো পার্লামেন্টে হবে।’