বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, সরকার ইচ্ছে করেই আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে যাতে বিরোধীদলকে চাপের মধ্যে রাখা যায়। তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে এবং সন্ত্রাস ও নাশকতার ঘটনাগুলো অস্বীকার করে জড়িতদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে।
১২ নভেম্বর বৃহস্পতিবার, জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বিচ্ছিন্ন নয়। তিনি জানান, নুসরাতকে কয়েকদিন ধরে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল এবং এ বিষয়ে তিনি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
নাহিদ দাবি করেন, সারাদেশে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোলবোমা বিস্ফোরণের ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে। মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, মন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করেছেন, অথচ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলো পরিকল্পিত সন্ত্রাস বলে তারা মনে করছেন।
নাহিদ বলেন, কুষ্টিয়ার ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতি রয়েছে। মন্ত্রী একদিকে তদন্তের কথা বলছেন, অন্যদিকে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বাইরে থেকে কিছু নিক্ষেপের পর বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। নাহিদ অভিযোগ করেন, সরকার ঘটনার দায় অস্বীকার করছে এবং জড়িতদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে।
নাহিদ ইসলাম জানান, শুক্রবার বিরোধীদলের একটি সংসদীয় প্রতিনিধিদল কুষ্টিয়ার দৌলতপুরে যাবে এবং ঘটনাটি তদন্ত করবে। তিনি বলেন, সরকার ঘটনার দায় অস্বীকার করছে এবং তাদের বক্তব্যের ওপর আর আস্থা নেই।