শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন।

তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করছেন। তিনি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপরও গুরুত্ব দেন।

তিনি বলেন, "বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে।"

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে এই সংকট চলতে থাকলে স্থানীয় জনগণের জীবিকার সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন