আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন কর্মকর্তারা। তারা জানান, শেখ হাসিনা দেশে ফিরলেও আপিলের বিষয়টি নিশ্চিত নয়।
আইন কর্মকর্তাদের মতে, এটি বোঝা যাবে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আবেদনের সিদ্ধান্তের পর। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বন্দি বিনিময় চুক্তিই একমাত্র পথ হতে পারে।
ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ২০২৬ সালের ১৩ জানুয়ারি প্রকাশিত হয়। সেই হিসেবে আপিল করার সময় শেষ হয়েছে নয় মাস আগেই।
কিন্তু আইনগত বিতর্ক রয়েছে, যদি শেখ হাসিনা দেশে ফেরেন, তখন আপিল করতে পারবেন কিনা। কেউ বলছেন, ট্রাইব্যুনাল আইনে সেই সুযোগ নেই, আবার কেউ বলছেন, ন্যায় বিচারের স্বার্থে আপিলের সুযোগ থাকতে পারে।
আবুল কালাম আজাদ যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়ার ১৩ বছর পর আত্মসমর্পণ করে রায় স্থগিত চেয়ে আপিল করেন। তবে আপিল বিভাগ এখনও সিদ্ধান্ত জানায়নি।
এদিকে, ভারত সরকারের সাথে বাংলাদেশের আইনি বিষয় নিয়ে আলোচনা চলছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি ভারতে থাকেন, তাহলে এক্সট্রাডিশন চুক্তির আওতায় আসতে হবে। তিনি আরও জানান, শেখ হাসিনা বন্দী হিসেবে দেশে ফিরলে তাকে ট্রাইব্যুনালে তোলার পর কারাগারে পাঠানো হবে।