শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের আইনি উদ্যোগ

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের আইনি উদ্যোগ

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারত সরকার তাদের আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে প্রত্যার্বতণের কথা বারবার বললেও সরকার তাকে ভারত থেকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায়।

তিনি উল্লেখ করেন, যেহেতু ইতোমধ্যে শেখ হাসিনা সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা, সেটা আইনজ্ঞরা বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল আছে। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটি ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়।

তিনি দাবি করেন, যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই আসলে পরীক্ষার্থীই নন। তবে তাদের সংখ্যা খুব বেশি নয় এবং সরকার তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না বলেও মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে এবং এগুলো কিছু ডিসইনফরমেশন। প্রকৃত ঘটনা, তথ্য, ছবি, ভিডিও প্রকাশিত হয়েছে।

এসময়, বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার বলেও জানান তিনি।

বিজ্ঞাপন