কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীরের নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
এ সময় তাঁর সাথে থাকা হাদিস মিয়া নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনজন অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
চিৎকার শুনে স্থানীয়রা জাহাঙ্গীর ও হাদিসকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং রাতেই হত্যায় জড়িত সন্দেহভাজন একজনকে আটক করে।
তিনি বলেন, “এই সন্ত্রাসীরা কেউ স্থানীয় নয়, ঢাকা থেকে এসেছে। তাদেরকে হায়ার করে আনা হয়েছে।” পুলিশ সুপার আরও জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং আটককৃত সন্দেহভাজনের মাধ্যমে বাকি দুইজনের অবস্থান শনাক্ত করা হয়েছে।
এদিকে, পুলিশ বাকি দুইজনের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।