সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত ১৭ জন জামায়াতপন্থী আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন। বুধবার বিকেলে তারা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।
এই আইনজীবীরা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।
পদত্যাগকারীরা জানিয়েছেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণভোট আয়োজন এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ নিয়েছেন।
পদত্যাগকারী আইনজীবীদের মধ্যে রয়েছেন অ্যাডিশনাল পিপি আলীম উদ্দীন, অ্যাডিশনাল জিপি নাজমুল হুদা, এপিপি রবিউল ইসলাম, আইনজীবী জুনেদ আহমদ, মোজাম্মিল আলী, রহমত আলী, ইয়াসিন খান, নাজমুল ইসলাম, সালেহ আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কাজী আতিফুল হক, সাদেক আহমদ, ময়নুল ইসলাম, আব্দুল গফ্ফার, আফজল মিয়া তালুকদার, খায়রুল আলম এবং মোস্তাফিজুর রহমান।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে বর্তমান সরকারের গণভোট আয়োজন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নে অনীহা এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে তারা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।