প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলের সদস্যরা ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি বে টার্মিনাল নির্মাণ করতে চায়।
এছাড়াও, তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে আগ্রহী। সৌদি প্রতিনিধিদল জানায়, তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য বিভিন্ন খাতের সম্ভাবনা যাচাই করেছে।
প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধিদলকে বিনিয়োগবান্ধব নীতি ও উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল জানায়, তারা ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা করতে আগ্রহী।
সাক্ষাৎকালে সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন সৌদি আরবের বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।